বঙ্গা কে বা কী?

Subas Murmu
By -
0

বঙ্গা কে বা কী?

মৗঞ্জহি থান


ডাইনি, ভূত, শয়তান বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এসবই মানুষের তৈরি গল্প ও তার চরিত্র। কেউ যদি এগুলো বিশ্বাস করে, তাহলে কোনো কোনো সময় মস্তিষ্ক ভ্রমের কারণে সেগুলো দেখতে পেতে পারে বা অনুভব করতে পারে। যারা বিশ্বাস করে তাদেরই ক্ষতি হয়। কিন্তু কেউ যদি এগুলো বিশ্বাস না করে, তার কাছে এগুলোর কোনো ভিত্তি নাই, অস্তিত্ব নাই, প্রভাব নেই। তাদের ক্ষতিও হয় না। তাই এগুলো কুসংস্কার। সবার ভালো থাকার জন্যই এসব কুসংস্কার থেকে মুক্ত হওয়া প্রয়োজন।

কিন্তু বঙ্গার অস্তিত্ব কারো বিশ্বাস বা অবিশ্বাসের উপর নির্ভর নয়। অর্থাৎ বিশ্বাস করলেও বঙ্গা বিরাজমান। বিশ্বাস না করলেও বঙ্গা বিরাজমান। এটা বুঝতে হলে, জানতে হবে বঙ্গা কী বা কে?

বঙ্গা হলো শক্তি। যে শক্তির কারণে আমাদের জন্ম, যে শক্তির কারণে সব কিছুর সৃষ্টি, সেই শক্তিই হলো বঙ্গা। আর যার মধ্যে দিয়ে এই শক্তি প্রকাশিত হয়, সেই বঙ্গা। আমাদের জন্ম দিয়েছেন আমাদের পিতা-মাতা। তাদের মাধ্যমে জীবন পেয়ে আমরা জীবন্ত। তাই তারা আমাদের বঙ্গা। একইভাবে আমাদের পূর্বপুরুষ আমাদের বঙ্গা। উদ্ভিদ বা গাছ ছাড়া প্রাণী হিসেবে আমাদের বেঁচে থাকা অসম্ভব; তাই গাছ আমাদের বঙ্গা। সূর্য ও চাঁদ ছাড়া জীবকুলের বেঁচে থাকা অসম্ভব, তাই চাঁদ সূর্য আমাদের বঙ্গা। এই সৃষ্টির সূচনা হয়েছে যা থেকে বা যার থেকে সেই আমাদের বঙ্গা। আমরা সাঁওতালরা তাঁর নাম জানি ঠাকুর ও ঠাকরাণ হিসেবে। যার কারণে এই জীবন সংসার চলছে সেই বঙ্গা। সাঁওতালরা যা বা যাকে মানে মারাংবুরু, জাহের আয়ো, মড়েঁ কো তুরুয় কো হিসেবে।

তাই বঙ্গাকে অস্বীকার করা মানে নিজের জন্মদাতাকে অস্বীকার করা। তাছাড়া চাঁদ, সূর্য, গাছ, পিতা-মাতা এগুলোর অস্তিত্ব কারো বিশ্বাস বা অবিশ্বাসের উপর নির্ভর নয়। কেউ বিশ্বাস না করলেও সূর্যের অস্তিত্ব আছে, না করলেও আছে। কেউ বিশ্বাস করুক বা না করুক তার জন্মদাতা বা পিতা-মাতা আছে বা ছিলো। বঙ্গা মানা মানে নিজের পূর্বপুরুষের শ্রদ্ধশীল হওয়া, কৃতজ্ঞ হওয়া। বঙ্গা মানা মানে প্রকৃতির ক্ষতি না করা, প্রকৃতির সবার সাথে মিলেমিশে থাকা। তাই সবার ভালো থাকার জন্যই বঙ্গা মেনে চলা প্রয়োজন। শ্রদ্ধা নিবেদন ও পূজা করতে হবে।

বঙ্গা ক্ষতিকর নয়
অনেকেই মনে করে বঙ্গা মানুষের ক্ষতি করে। বলে থাকে, “বঙ্গা কো জজমা”। বিশেষ করে খ্রিস্টান ধর্মব্যবসায়ীরা প্রচার করে বঙ্গা ক্ষতিকর। বঙ্গা মানে শয়তান। যেটা ডাহা মিথ্যা কথা।

পূর্বের ব্যাখ্যায় বলা হয়েছে, বঙ্গা কী বা কে? সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সহজেই বুঝা যায় বঙ্গা ক্ষতিকর মনে করা বা প্রচার করা ভিত্তিহীন। তোমার বাবা-মা বা পূর্বপুরুষ কি তোমার ক্ষতি করবে? চাঁদ সূর্য বৃক্ষ কি তোমার ক্ষতি করবে? না ক্ষতি করবে না। বরং এগুলো আমাদের উপকার করে। বিপদে পাশে থাকে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default