জান্থাড়/লবান

Subas Murmu
By -
0

জান্থাড়


সাঁওতালরা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেকোনো খাবার খাওয়ার পূ্র্বে তাদের বঙ্গা-বুরু(দেব-দেবী ও মৃত পূর্বপুরুষ)দের উৎসর্গ করে। সেই বিশ্বাস থেকেই অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার আগে বঙ্গা-বুরুদের উৎসর্গ করা হয়। এই ধর্মীয় রীতিকে উৎসব আকারে পালন করা হয়। যাকে সাঁওতালরা বলে জান্থাড় পরব। যার বাঙালি সংস্করণ হলো নবান্ন। অনেক সাঁওতাল জান্থাড় শব্দের বদলে লবান শব্দ ব্যবহার করে থাকেন।


মৗঞ্জহিবাবা গোডেৎ এর মাধ্যমে গ্রামের সবাইকে ডেকে জান্থাড় এর দিনক্ষণ নির্ধারণ করেন। অগ্রায়ণ মাসের চন্দ্রদয়ের পরে জান্থাড় হয়ে থাকে। নির্ধারিত দিনে নায়কেবাবা যেকোনো ক্ষেতের পাকা ধান এক জায়গায় দাড়িয়ে যেটুকু কাটা যায় তিনবার কেটে নিবেন। সেটা মাথায় করে নিয়ে এনে জাহের থানে বঙ্গা-বুরুদের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সাথে গ্রামের সবাই মিলে কিনে রাখা মুরগি অথবা ছাগল অথবা সুকরি অথবা ভেড়া জাহের থানে উৎসর্গ করবেন। এ সময় জাহের থানে শুধু পুরুষরা উপস্থিত থাকেন। তারা উৎসর্গকৃত প্রাণি সেখানেই সোড়ে করে প্রসাদ হিসেবে গ্রহণ করেন।

জাহের থানে বঙ্গা-বুরু শেষ হওয়ার পরে নায়কের কাছ থেকে কিছু ধান নিয়ে মৗঞ্জহিবাবা মৗঞ্জহি থানে মৗঞ্জহি বঙ্গার উদ্দেশ্যে উৎসর্গ করেন।


তারপর গ্রামের মানুষ নিজ ক্ষেতের ধান বাড়িতে তোলেন। ধান কাটার আগে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করেন। তারপর এক জায়গায় দাড়িয়ে হাতে ধরা যায় এরকম তিনবার ধান কাটবেন। সেই ধান মাথায় করে বাড়িতে নিয়ে আসবেন। সেটা দিয়ে চিড়া, ক্ষীর, পিঠা ইত্যাদি বানাবেন। সেগুলো পাতা দিয়ে বানানো ৭টি ভাউতি দিয়ে বাড়ির ভেতরে মৃত পূর্বপুরুষ ও মারাংবুরু এর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তারপর ৭টি ফুঁড়ুঃ দিয়ে হৗন্ডি উৎসর্গ করবেন। ফুঁড়ুঃ দিয়ে উৎসর্গকৃত হৗন্ডি একটি ফুঁড়ুঃ এ নিয়ে পান করবেন। ভাউতিতে পূজা করাগুলো শুধু পরিবারের সবাই খাবেন। পরিবারে বাইরের কাউকে দেওয়া হবে না।

জান্থাড় বঙ্গা-বুরুতে জাহের থান, মৗঞ্জহি থান ও বাড়িতে একই রকম প্রার্থনা করা হয়। প্রার্থনা করা হয়- নতুন ধান যেন ভালোভাবে ঘরে তোলা যায়, নতুন ধানের নতুন চাউল খেয়ে কেউ যেন অসুস্থ না হয়।




তথ্য সূত্রঃ

১. ঈশরড় - সাধু রামচাঁদ মুরমু।
২. হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা - কলেয়ান গুরু।
৩. সান্তাল সমাজ ও রীতিনীতি - গাব্রীয়েল হাঁসদা।
৪. বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামের জান্থাড়।
৫ᱹ বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানা পাঁচন্দর গ্রামের জান্থাড়।
৬ᱹ বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নেহেন্দা গ্রামের জান্থাড়।

৭ᱹ বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের জান্থাড়।

৮ᱹ বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলা ঝিনাইকুঁড়ি গ্রামের জান্থাড়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default